Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 05:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ার করেছে বিশ্বের বৃহৎ পরািশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বুধবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নিকি হ্যালি বলেন, উত্তর কোরিয়ার কার্যকলাপ কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিচ্ছে। তবে নিজের ভূখণ্ড ও মিত্রদের রক্ষা করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে। আমাদের সেই সামর্থ্যের একটি অংশ উল্লেখযোগ্য সামরিক শক্তির মধ্যে নিহিত। বাধ্য হলে আমরা অবশ্যই সে শক্তি ব্যবহার করব, যদিও ওই পথে আমরা যেতে চাই না।

উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করতে দেশটির বৃহৎ মিত্র চীনকে আরও উদ্যোগী হাওয়ার তাগাদা দেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডানা হোয়াইট এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

ওই আলোচনায় ম্যাটিস জাপানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ‘দৃঢ় প্রতিশ্রুতির’ কথা ব্যক্ত করে প্রয়োজনে ‘সামর্থ্যের পুরোটাই ব্যবহার করা হবে’ বলে তার আশ্বস্ত করেন।

উত্তর কোরিয়া মঙ্গলবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটানোর কথা জানায়, যা বড় আকারের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই অঙ্গরাজ্য এবং সম্ভবত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলেও আঘাত হানতে পারবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কিছু বিশেষজ্ঞ।

উত্তর কোরিয়ার যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর পরীক্ষা চালিয়ে আসছে নানা নিষেধাজ্ঞায় একপ্রকার একঘরে থাকা এই রাষ্ট্র।

এবার যুক্তরাষ্ট্রের ২৪১তম স্বাধীনতা দিবসে ওই আইসিবিএম পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্রে আঘাত হানার মত ক্ষেপণাস্ত্র তৈরির সামর্থ্য আর্জনের আগেই উত্তর কোরিয়াকে থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের ওই ক্ষেপণাস্ত্রকে বর্ণনা করেছেন ‘স্বাধীনতা দিবসে আমেরিকার জন্য উপহার’ হিসেবে।

(এসএএম/ ০৬ জুলাই ২০১৭)