Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 03:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারা বাতিলের দাবিতে ‘প্রতিবাদ সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শুক্রবার (৭ জুলাই) সকাল ১০টায় রাজধানীল সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ জুলাই) সংগঠনটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, ‘ডিআরইউ দীর্ঘদিন ধরে বিতর্কিত ৫৭ ধারাটি বাতিলের দাবিতে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু ডিআরইউ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে যে, এই ধারার অপপ্রয়োগের ফলে ডিআরইউর অনেক সদস্যসহ সারাদেশে অসংখ্য সাংবাদিককে গ্রেফতার ও কারাবরণ করতে হয়েছে।ডিআরইউ আরও লক্ষ্য করছে যে, এই আইনে দায়ের করা মামলায় পুলিশ বিবাদীকে যে কোনো অবস্থান থেকে গ্রেফতার করতে পারে এবং এটি একটি অজামিনযোগ্য ধারা। সরকারের পক্ষ থেকে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজকে বিভিন্ন সময় আশ্বস্ত করা হলেও বিতর্কিত এই আইনটি বাতিলের ব্যাপারে অদ্যাবধি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং এই আইনের অপপ্রয়োগ বেড়েই চলেছে। যা ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগ ও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

তারা আরও বলেছেন, ‘ডিআরইউ মনে করে, কোনো সাংবাদিকই আইনের উর্দ্ধে নয়। এ ক্ষেত্রে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে হলে সেজন্য দেশে প্রচলিত আইন রয়েছে। কিন্তু তা না করে সংবিধানের সাথে সাংঘর্ষিক আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় সাংবাদিকদের রিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হচ্ছে তা একটি গণতান্ত্রিক সরকারের জন্য যেমন বিব্রতকর, তেমনি সাংবাদিক সমাজের জন্যও এটি অত্যন্ত অবমাননাকর। এ ক্ষেত্রে ডিআরইউ মনে করে যে, সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার মতো নিবর্তনমূলক একটি আইন বলবৎ রেখে দেশে মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়।’

সাখাওয়াত হোসেন বাদশা ও মুরসালিন নোমানী আরও বলেছেন, ‘অতিসম্প্রতি ডিআরইউর আরও একজন স্থায়ী সদস্য ও যমুনা টিভির সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে দিনাজপুরে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় মামলা করা হয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডিআরইউ।’

অনতিবিলম্বে নেতৃবৃন্দ নাজমুল হোসেনসহ অদ্যবধি যেসব সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে তাদের সকল মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

নেতৃদ্বয় বিবৃতিতে ৫৭ ধারা বাতিলের দাবিতে ঘোষিত শুক্রবারের সমাবেশ সফল করার জন্য ডিআরইউ’র সকল সদস্য এবং সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

(এসএএম/ ০৬ জুলাই ২০১৭)