
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা : আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকল মন্ত্রণালয় এর সচিবদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৭-১৮ স্বাক্ষর হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী পরিষদ সচিব এবং মন্ত্রীদের প্রতিনিধি হিসেবে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সরকারি সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে চতুর্থবারের মত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর করে মন্ত্রিপরিষদ বিভাগ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হচ্ছে সিভিল প্রশাসনের একটি আভ্যন্তরীণ কর্মকৌশল। এটি দেশের জনগণের কল্যাণে তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়ন কর্মকান্ডকে নিয়ে যেতে সরকারি কর্মচারিদের জন্য একটি দাপ্তরিক দায়বদ্ধতার স্মারক। এটির মাধ্যমে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা তখনই দেশকে সামনে এগোবার লক্ষ্য অর্জনে সক্ষম হব, যখন আপনারা সবাই জনগণের সেবক হিসেবে সঠিকভাবে কাজ করবেন।
(এম আর/০৬ জুলাই, ২০১৭)