Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 01:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রাজশাহী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আবাসিক প্লট বরাদ্দের নামে হরিলুটের প্রতিবাদ ও প্লট কেলেঙ্কারির মূল হোতা আরডিএ চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা।

রবিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে নগরীর বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবু বলেন, রাজশাহীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে ১৯৭৮ সালে গঠন করা হয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। তবে দীর্ঘ চার দশকেও এ প্রতিষ্ঠান মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারেনি। ধারাবাহিকভাবে লুটপাট করা হয়েছে। সর্বশেষ প্লট বরাদ্দের নামে নজিরবিহীন কেলেঙ্কারি করেছেন খোদ এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান বজলুর রহমান। ৬ কাঠা, ৫ কাঠা, ৪ কাঠার সব মুল্যবান প্লটগুলি আরডিএর’র চেয়ারম্যান বজলুর রহমান ও এষ্টেট অফিসার বদরুজ্জামানসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন দেবাশিষ।

তিনি আরও বলেন, নিজের নজিরবিহীন দুর্নীতি ঢাকতে চেয়ারম্যান বজলুর রহমান সাংবাদিকদের প্রতিপক্ষ ভেবে তাদের বিরুদ্ধে নেমেছেন। তাই অবিলম্বে দূর্নীতিবাজ আরডিএ চেয়ারম্যানের অপসারণ দাবি করে তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামাত খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল মান্নান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ, এডভোভোকেট এন্তাজুল হক বাবু, মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, নারী শিল্প উদ্যোক্তা চেয়ারম্যান সেলিনা বেগম, বেনেতি ব্যবসায়ী সমিতির সহসভাপতি মহেষ চন্দ্র সরকার ও রাজশাহী মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আবদুল মতিন প্রমুখ।

(এমএ/এসএএম/ ০৯ জুলাই ২০১৭)