
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের বিভিন্ন পয়েন্টে বসানো সিঁড়ি অপসারণ করতেই হচ্ছে।
ফ্লাইওভারটির যাত্রাবাড়ী ও সায়েদাবাদ পয়েন্ট থেকে সিঁড়িগুলো অপসারণের জন্য নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।
এর আগে সিঁড়িগুলো দুই সপ্তাহের মধ্যে অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি পুলিশ কমিশনার ও ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রিট টু আপিল করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ রিট আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। ফলে ফ্লাইওভারে উঠার জন্য যেসব সিঁড়ি স্থাপন করা হয়েছে তা দ্রুতই অপসারণ করতে হবে।
প্রধান বিচারপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইওভার রয়েছে, মাঝপথে ফ্লাইওভারে ওঠার জন্য সিঁড়ি কোথাও নেই। সিঁড়ি অপসারণ করতেই হবে।
আবেদনের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন শুনানি করেন।
উল্লেখ্য, যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠার জন্য ৬ থেকে ৭টি সিঁড়ি ও বাসস্টপেজ আছে। এসব বাসস্টপেজে বাস ও লাগুনায় যাত্রী-ওঠানামা করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।এছাড়া বাসসহ যাত্রী পরিবহনকারী ছোট-বড় বিভিন্ন যান এসব স্টপেজে থামার কারণে প্রায়ই যানজট থাকে। অন্যান্য ফ্লাইওভারে সিঁড়ি ও বাসস্টপেজ নেই। এসব যুক্তি তুলে ধরে ফ্লাইওভারে বাসস্টপেজ ও সিঁড়ি অপসারণ চেয়ে রিট করা হয়।
(এমআইআর/ ১০ জুলাই ২০১৭)