
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আদালতের আদেশ অনুসারে শিক্ষকের বেতন-ভাতা পরিশোধ না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুনুর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা দুই সপ্তাহের মধ্যে জানাতে ভিসি হারুনুর রশিদকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন।
রুল জারির পর আইনজীবী মো. গিয়াসউদ্দিন বলেন, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুসারে বেতন-ভাতা দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশনা প্রতিপালন না হওয়ায় গত ৪ জুন আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়। শুনানি নিয়ে রুল জারি করে আদালত।
(এমআইআর/ ১১ জুলাই ২০১৭)