
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইতালিয়ান কোচ জিওভান্নি স্কানু ইতালি, লিথুনিয়া, নাইজেরিয়া, ব্রাজিল ও হাঙ্গেরির বিভিন্ন ক্লাবে কোচিং করিয়ে প্রথমবারের মতো এসেছেন এশিয়ায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছেন গতকাল। আগামী ডিসেম্বর পর্যন্ত ব্রাদার্সদের সামলাবেন স্কানু।
ব্রাদার্সের সভাপতি নজরুল ইসলাম কাল ক্লাব ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোচকে পরিচয় করিয়ে দেন। দুই পক্ষের চুক্তির পর কোচের হাতে তুলে দেন ক্লাবের জার্সি।২০ বছর ধরে কোচিং করাচ্ছেন ৪২ বছর বয়সী জিওভান্নি স্কানু।
স্কানুর সঙ্গে যোগাযোগ করেছিলেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান। প্রস্তাবটা পেয়ে তাই ব্রাদার্সে যোগ দিতে দেরি করেননি স্কানু।কাল থেকে নতুন কোচের অধীনে আবারও শুরু হয়েছে ব্রাদার্সের অনুশীলন।
গত মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করে ব্রাদার্স। এবার পয়েন্ট তালিকায় ক্লাবকে আরও ওপরের দিকে দেখতে চাইবেন সমর্থকেরা, এটাই স্বাভাবিক। গত মৌসুমের চেয়ে এবার ভালো করার আশ্বাসই দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
(এম আর / ১২ জুলাই, ২০১৭)