Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 23:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দানাজাতীয় খাদ্যশস্য উৎপাদনে আজ আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। পাশাপাশি স্বল্পপরিমাণে হলেও বিদেশে রফতানি করছি। কৃষির বহুমুখীকরণেও আমাদের অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। উদ্যানফসল বিশেষত ফলমূল, শাকসবজির যথার্থ উৎকর্ষ সাধনই হবে এ লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান সহায়ক।

আর এ জন্য দেশিয় ফল উৎপাদনে মনোযোগী হওয়ার জন্য কৃষিবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান কৃষিমন্ত্রী।

রোববার দুপুরে রাজধানীর খামারবাড়িস্থ বিএআরসি মিলনায়তনে বাংলাদেশ উদ্যানবিজ্ঞান সমিতির জাতীয় কনভেনশন-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ উদ্যানবিজ্ঞান সমিতির সভাপতি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে  অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুল হাছান। কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা, এফএও বাংলাদেশের প্রতিনিধি ড. সু লার্টজ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ উদ্যানবিজ্ঞান সমিতির মহাসচিব ড. মদন গোপাল সাহা।

কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য কৃষিবিদ ড. এম শহীদুল ইসলামকে মরণোত্তর স্বর্ণপদক দেয়া হয়। এ ছাড়া ব্যক্তি হিসেবে ড. কাজী এম বদরুদ্দোজাকে এবং প্রতিষ্ঠান হিসেবে প্রাণ-আরএফএল ও এসিআইকে ক্রেস্ট প্রদান করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি যাতে সংশ্লিষ্ট শিল্পের এবং প্রক্রিয়াজাতকরণের প্রসার ঘটে সে জন্য পুষ্টি ও মানসম্পন্ন উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদনের দিকে আমাদের অধিক মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে উদ্যানতাত্ত্বিক ফসল ফল ও শাকসবজি উৎপাদনে বিগত এক যুগে বিপ্লব সাধিত হয়েছে। সবজির আবাদি জমির হার বৃদ্ধিতে বিশ্বে প্রথম এবং গত এক দশকে সবজি আবাদি জমির পরিমাণ পাঁচ শতাংশ হারে বেড়েছে। উৎপাদন বৃদ্ধির হারের দিক থেকে বিশ্বে বাংলাদেশ এখন তৃতীয়।

দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির বিষয় উল্লেখ করে তিনি বলেন, আম উৎপাদনে আমরা বিশ্বে ৭ম ও পেয়ারা উৎপাদনে ৮ম। বিদেশি ফলে অনেকের আগ্রহ রয়েছে তাতে আমাদের সমস্যা নেই। তবে আমাদের দেশীয় সুস্বাদু ফল বিষয়ে গবেষণা জোরদার করতে হবে।

মন্ত্রী বলেন, পণ্য রফতানির ক্ষেত্রে মান বজায় রাখতে হবে। খারাপ মানের পণ্য রফতানি করে দেশের সম্মান ক্ষুণ্ন হলে ছাড় দেয়া হবে না। এমনকি এর সঙ্গে জড়িত থাকলে কোনো সরকারি কর্মকর্তাকেও ছাড় দেয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে ফল সরবরাহের জন্য পরিবহন ব্যবস্থা খুবই দুর্বল। ছোটখাট সহজ পদ্ধতি ব্যবহার করে খাদ্যসামগ্রী সংরক্ষণ বিষয়ে তাগিদ দেন। খাদ্যের মান নিয়ন্ত্রণে সংশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উন্নত ও প্রশিক্ষণের মাধ্যমে জনবলকে দক্ষ করে গড়ে তোলার জন্য আহ্বান জানান তিনি।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৭)