Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 04:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:   বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশের বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সেই সাথে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

এ সংক্রান্ত ব্যয় ব্যাংকের ‘সোস্যাল প্রজেক্ট’ খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ২০১৪ সালের ২২ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলোকে এই নির্দেশনার প্রাপ্তি স্বীকার করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে ৩৯টি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি আকারে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, একটি মানবিক ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকের মূল কার্যক্রমের সঙ্গে সিএসআরকে সম্পৃক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার জনসাধারণের সহযোগিতায় বেসরকারি মালিকানাধীন ও বিদেশি তফসিলি ব্যাংকগুলোর গৃহীত কার্যক্রম এবং দুর্গত এলাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।’

(এম আর /এসএএম/ ১২ জুলাই, ২০১৭)