Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 07:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সরকারকে আরও এক সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১৭ জুলাই) সকালে গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আজও দুই সপ্তাহের সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘সব সময় মনে রাখবেন সরকার এবং প্রধান বিচারপতির মধ্যে ব্রিজ হল অ্যাটর্নি জেনারেল।’

পরে আরও এক সপ্তাহ সময় মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে খসড়া প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে আগামী বৃহস্পতিবার আলোচনার পর।

এর আগেও গেজেট প্রকাশে দফায় দফায় সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর তলব করেছিলেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

(এমআইআর/ ১৭ জুলাই ২০১৭)