
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘দুর্নীতির উৎসগুলো বন্ধ করতে চাই আমরা।আমরা মামলা করতে চাই না। আমরা চাই যারা দুর্নীতি করেন, তাদের মধ্যে চেতনাবোধ জাগ্রত করতে। দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হতে থাকব তা হওয়ার নয়।’
‘দুর্নীতি মুক্ত সরকারি সেবা’ এই ব্রত নিয়ে বিভাগীয় পর্যায়ে মাঠ কর্মকর্তাদের নিয়ে সভায় এমন কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্নীতির অভিযোগ প্রকৃতি নিয়ে আলোচনা সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘দুর্নীতি দমন আমাদের কাজ নয়,আমরা পারি প্রতিরোধ করতে। এ জন্য মামলা চাই না। মামলা হলো ক্যানসারের মতো। যার বিরুদ্ধে মামলা হয়, তিনিসহ একটা পরিবার বা একটি বংশের ওপর এর বিরূপ প্রভাব ফেলে। এ জন্য আমরা চাচ্ছি, ডিজিটাল যন্ত্রের মাধ্যমে এর প্রবণতা রোধ করা। কেননা আমাদের কৃত অপকর্মের ফল পরবর্তী প্রজন্ম নির্জীব হয়ে যাবে, এটা আমরা চাই না। তাই দুর্নীতি রোধে বিভাগীয় পর্যায়ের মাঠ কর্মকর্তাদের পরামর্শ নিতে কীভাবে এটা রোধ সম্ভব। আপনাদের অভিজ্ঞতা নিয়ে সমৃদ্ধ হয়ে দুর্নীতি কমিয়ে আনতে কাজ করতে।
তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতিবিদ নই। আমরা জনগণের সেবক। আমাদের সেবা জনগণ যাতে সঠিকভাবে পান, সেটাই আমাদের লক্ষ্য।’
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, দুদকের পরিচালক মো. আক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
(এম আর / ১৮ জুলাই, ২০১৭)