Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: জট খোলেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত। বেতন-ভাতা নিয়ে বোর্ড-খেলোয়াড়ের দ্বন্দ্ব প্রলম্বিত হলো আরো। এতে উদ্বিগ্নতা বাড়ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের স্পন্সর ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোরও। গতকাল অজি মিডিয়া জানায়, সর্বশেষ বৈঠকে সমস্যার সমাধান বের করতে পারেননি অজি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও খেলোয়াড়দের সংগঠনের (এসিএ) প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন। এর আগে অজি মিডিয়া জানায়, চলতি সপ্তাহেই সমাধান হবে বোর্ড-খেলোয়াড় দ্বন্দ্বের।

সাদারল্যান্ড-নিকলসনের বৈঠকে খেলোয়াড়দের সংগঠনের তরফ থেকে দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন বোর্ডের ৯ পরিচালক। যদিও গতকাল এমন খবর নাকচ করেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে। যেকোনো সফরের আগে নিয়মমাফিক নিরাপত্তা পরিদর্শক হিসেবে সিএ এবং এসিএ দুই অংশের প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। আগামী সোমবার যে সফরের সূচি নির্ধারিত রয়েছে। দুই পক্ষের আলোচনা যেহেতু চলছে, এর মধ্যে নিরাপত্তা পরিদর্শনের কাজটি সম্পন্ন করে রাখা হবে। তবে, ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, সফর বাতিলও হতে পারে, এমন একটি প্রস্তুতি নিয়ে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত করেছে সিএ।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যস্ত সূচি সামনে রেখে উদ্বিগ্নতা বাড়ছে ম্যাগেলান, চ্যানেল নাইন, টেন নেটওয়ার্কের মতো প্রতিষ্ঠানগুলোরও। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের স্পন্সর হতে চাইছে অস্ট্রেলিয়ার অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ম্যাগেলান। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ও ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লীগের সম্প্রচার স্বত্ব রয়েছে চ্যানেল নাইন ও টেন নেটওয়ার্কের হাতে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর নতুন চুক্তি সম্পন্ন হতে হবে আগামী ১৫ই আগস্টের মধ্যে। আর বাংলাদেশ সফর সামনে রেখে আগামী ১০ই আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা। বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে গত ৩০শে জুনের পর বেকার হয়ে পড়েন অস্ট্রেলিয়ার ২৩০ জন ক্রিকেটার। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের খেলোয়াড়েরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ই জুলাই বাংলাদেশে পৌছার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

(এমআইআর/ ২২ জুলাই ২০১৭)