
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও ভারতের ব্যাঙ্গালুরুর চেগুস ইনফোটেক কোম্পানীর যৌথ উদ্যোগে ২৪শে জুলাই, ২০১৭ তারিখে ২দিন ব্যাপী একটি আইটি সেমিনার বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সেমিনারটি উদ্বোধন করেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সিনিয়র সচিব মোঃ ইউনুসুর রহমান ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব গকুল চাঁদ দাস সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ, বিআইএ এর উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেগুস ইনফোটেক এর স্বত্বাধিকারী এবং প্রধান নির্বাহী মিঃ শ্রীনিভাস ভিটালসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিআইএ এর প্রথম ভাইস প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ সভাপতিত্ব করেন।
নিশীথ কুমার সরকার, সেক্রেটারী জেনারেল, বিআইএ এবং সুখওয়ান্ত সিং, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, চেগুস ইনফোটেক যৌথসমন্বয়ে সেমিনারটি পরিচালিত হয়।
প্রফেসর রুবিনা হামিদ তাঁর স্বাগত বক্তব্যে বীমা ব্যবসার ক্ষেত্রে কতিপয় সমস্যা উল্লেখ করেন। তন্মধ্যে লাইসেন্স নবায়নের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন করার কোন বিধান নেই কিন্তু বীমা খাতে বার্ষিক মোট প্রিমিয়ামে আয়ের উপর হাজারে ৩.৫০ টাকা হারে বিপুল অংকের নবায়ন ফি দিতে হয়। অর্থমন্ত্রীর সাথে আলোচনায় তিনি লাইসেন্স নবায়নের বিষয়টি রহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেবেন বলে বিআইএ-এর প্রতিনিধিবৃন্দকে আশ্বস্ত করেছিলেন কিন্তু আজ পর্যন্ত কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। এ ছাড়াও এনজিওগুলো নিজেরাই বীমা ব্যবসা করে যাচ্ছে যা বীমা আইন ২০১০ এর পরিপন্থি। সেটিও বন্ধ করার বিষয়ে তিনি ঐক্যমত পোষণ করেছিলেন, কিন্তু উক্ত বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানা নেই।
বিআইএ এর ভাইস প্রেসিডেন্ট একেএম মনিরুল হক তাঁর বক্তব্যে বলেন সকল বীমা কোম্পানীতে আইটি এর সফল প্রয়োগ এখন সমায়ের দাবী। এ প্রেক্ষিতে ভারতের ব্যাঙ্গালুরুর চেগুস ইনফোটেক কোম্পানী এর উদ্যোগে আয়োজিত সেমিনার নিসন্দেহে প্রশংসার দাবীদার, তবে আইটি কোম্পানীগুলোর স্বচ্ছতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
অর্থ প্রতিমন্ত্রী সেমিনারে উপস্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী তাঁর উদ্বোধনী ভাষনে বীমা সেক্টরে আইটির সফল প্রয়োগের প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে আইটির যথার্থ প্রয়োগ করা হবে বলে প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন। সে লক্ষ্যে সরকারের আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিরন্তর কাজ করে যাচ্ছেন। এ দিক থেকে এ সেমিনারটি যথেষ্ট গুরুত্ব বহন করে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন দেশের সকল বীমা কোম্পানীগুলো আইটি এর যথাযথ প্রয়োগ করে এ খাতের উন্নতি সাধনে যথেষ্ট সচেষ্ট হবেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীমা কোম্পানীগুলোতে আইটির যথাযথ প্রয়োগ করলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং ফলশ্রুতিতে জনগনের আস্থা সৃষ্টি অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা সকল কোম্পানীগুলোতে আইটি প্রয়োগ করার জন্য আহবান জানান।
সভায় প্রতিটি বীমা কোম্পানীর আইটি বিষয়ক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৪ শে জুলাই, ২০১৭ তারিখ নন-লাইফ বীমা কোম্পানীগুলোর জন্য এবং ২৫শে জুলাই, ২০১৭ তারিখ জীবন বীমা কোম্পানীগুলোর জন্য আইটি বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। বীমা কোম্পানীগুলোতে আইটির প্রায়োগিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী থেকে ৯০ জন এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী থেকে ৬০ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন।
(শামীম/ ২৬ জুলাই ২০১৭)