Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 14:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের পুঁজিবাজারে বন্ড মার্কেট চালুর ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। তিনি গভর্নর ফজলে কবিরের বরাত দিয়ে বলেন, বন্ড মার্কেট চালু করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এ ব্যাপারে জোর প্রচেষ্টা চলছে। এছাড়া এ বাজারে শুধু বন্ড মার্কেটই নয়, অন্যান্য প্রোডাক্ট আনারও চেষ্টা চলছে।

বুধবার ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর, ২১০৭) মুদ্রানীতি ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এস কে সুর চৌধুরী বলেন, বন্ড মার্কেট নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি। এক্ষেত্রে সঞ্চয়পত্র অনেকটাই বাধার সৃষ্টি করছে ঠিকই। তবে সরকার চাইলে বন্ড ইস্যু করার মাধ্যমে টাকা উত্তোলন করতে পারে। এমনকি ইসলামী ব্যাংকে রিজার্ভ থাকা সাড়ে ৫ হাজার কোটি টাকা বন্ড ইস্যু করার মাধ্যমে মেগা প্রকল্পের জন্য সরকার নিতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ড নিয়ে আমাদের দেশে সচেতনতার অভাব রয়েছে। অন্যান্য দেশের বন্ড বিক্রির জন্য মেলা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আমরা এখনো অতদূর এগিয়ে যেতে পারিনি। বন্ড মার্কেট চালু হলে আমরা এ নিয়ে আরও কাজ করতে পারবো।

ডেপুটি গভর্নর বলেন, পুঁজিবাজারে প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেট বেশ ভালো অবস্থানে রয়েছে। এ বাজারে শুধু বন্ড মার্কেটই নয়, অন্যান্য প্রোডাক্ট আনারও চেষ্টা চলছে। আশা করছি বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টায় এ সব বাজার সৃষ্টিতে ইতিবাচক সাফল্য আসবে।

(এসএএম/ ২৬ জুলাই ২০১৭)