Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 15:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে দেশের কৃষি খাতে ২০ হাজার ৯৯৯ কোটি টাকার ঋণ বিতরণ করেছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। যার মধ্যে খেলাপি হয়েছে ৫ হাজার ২৪১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এর আগের অর্থবছর শেষে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ১২৪ কোটি টাকা। এ হিসেবে একবছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ১ হাজার ১১৬ কোটি টাকা।

খেলাপি হওয়া ৫ হাজার ২৪১ কোটি টাকা কৃষি ঋণের রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকেরই ৫ হাজার ১০১ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ঋণ বিতরণে সবচেয়ে বেশি খেলাপি সোনালী ব্যাংকের। বিদায়ী অর্থবছরে ব্যাংকটি নতুন ঋণ বিতরণ করেছে ১ হাজার ১৮৭ কোটি টাকা। কিন্তু সোনালীর (আউটস্ট্যান্ডিং) চলমান খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩১৯ কোটি টাকায়। যা মোট ঋণের ২৪ দশমিক ২৮ শতাংশ।

একইভাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণ বিতরণ ১ হাজার ৬৭২ কোটি টাকা। চলমান খেলাপি প্রায় ৮৩৯ কোটি টাকা। যা মোট ঋণের ২০ দশমিক ৫১ শতাংশ। বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ প্রায় ৪ হাজার ৯৩২ কোটি টাকা। চলমান খেলাপি প্রায় ২ হাজার ৪৩৭ কোটি টাকা। যা মোট ঋণের ১৬ দশমিক ৫৫ শতাংশ।

এছাড়া অগ্রণী ব্যাংকের ৬৩১ কোটি টাকা কৃষি ঋণের বিপরীতে খেলাপি প্রায় ১৮৬ কোটি টাকা। যা মোট ঋণের ১৩ দশমিক ৪৯ শতাংশ। বেসিকের প্রায় ২২৪ কোটি টাকা ঋণের বিপরীতে প্রায় খেলাপি ৩৩ কোটি টাকা। যা মোট ঋণের ১১ দশমিক ১৯ শতাংশ এবং রূপালীর প্রায় ২৯৬ কোটি টাকা ঋণের বিপরীতে প্রায় খেলাপি ২৯ কোটি টাকা। যা মোট ঋণের ৭ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ প্রায় ১৪০ কোটি টাকা। এসব ব্যাংকের কৃষি ঋণ বিতরণের পরিমাণ ছিল ১১ হাজার ৩০০ কোটি টাকা। বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপি ১ দশমিক ৩০ শতাংশ।

এদিকে ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৫৫০ কোটি টাকা। ৫৭টি ব্যাংক এসময়ে বিতরণ করেছে ২০ হাজার ৯৯৮ কোটি ৭৮ লাখ টাকা। এর আগের অর্থবছরেও কৃষি খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৬০ শতাংশ ঋণ বিতরণ বেশি ছিল।

গত অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রীয় ৮টি ব্যাংকের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ২৯০ কোটি টাকা। বছর শেষে রাষ্ট্রীয় মালিকানার এসব ব্যাংক ৯ হাজার ৬৯৮ কোটি টাকা বিতরণ কয়েছে। যা লক্ষ্যমাত্রার ১০৪ দশমিক ৪০ শতাংশ। আর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য ৮ হাজার ২৬০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলো নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৮২৭ কোটি টাকা ও বিদেশি ব্যাংকগুলোর জন্য ৪৩৩ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো উল্লিখিত সময়ে ১১ হাজার ৩০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ দশমিক ৮১ শতাংশ বেশি।

(এসএএম/ ৩০ জুলাই ২০১৭)