Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 13:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘ঋণ খেলাপি সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এজন্য বড় অঙ্কের ঋণ দেওয়া থেকে সরে এসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ঋণ দিতে হবে। টেকসই ব্যাংকিং গঠনে সিস্টেমেটিক ঝুঁকির কারণ হতে পারে এমন আগ্রাসী বিনিয়োগ থেকে ব্যাংকগুলোকে যেকোন মূল্যে বেরিয়ে আসতে হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৬ প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘ঋণ দেওয়ার আগেই দেখতে হবে তারা ঋণ ফেরত দেওয়ার উপযোগী কি না। এ ছাড়া ঋণ যাতে একক খাতে পুঞ্জীভূত না হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর্থিক খাতের উন্নয়নের ধারাকে ব্যাহত না করতে পারে- সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। ঋণ আদায় বৃদ্ধির মাধ্যমে খেলাপি ঋণের হার কমিয়ে আনতে হবে। টেকসই ব্যাংকিং গঠনে সিস্টেমেটিক ঝুঁকির কারণ হতে পারে এমন আগ্রাসী বিনিয়োগ থেকে ব্যাংকগুলোকে বেরিয়ে আসতে হবে।

এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের গুটি কয়েক মানুষকে ঋণ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেও নির্দেশনা দেন।

বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এস এম মনিরুজ্জামান, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লা মালিক কাজেমি, প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ প্রমুখ।

(এম আর / ৩১ জুলাই, ২০১৭)