Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 16:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে দেশে তৈরী হোম টেক্সটাইল খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৭৯ কোটি ৯১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ৬ হাজার ৫২৫ কোটি টাকা; যা রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ১১ শতাংশ বেশি। একইসঙ্গে আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে এই খাতের পণ্য রপ্তানি আয় ৬ দশমিক ১৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৭৫ কোটি ৩০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এই খাতের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে ফুটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৪ কোটি ৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। একই সময়ে বিছানা ও রান্নাঘরের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৪৭ কোটি ১৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ফুটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২১ কোটি ৯১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৫ কোটি মার্কিন ডলার।

সদ্য সমাপ্ত অর্থবছরে বিছানা ও রান্নাঘরের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৪৭ কোটি ১৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৩৮ শতাংশ কম। তবে এর আগের ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে অন্যান্য হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৭২ শতাংশ বেশি। একই সঙ্গে এর আগের ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ১৫ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

(এসএএম/ ০৫ আগস্ট ২০১৭)