Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 10:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম:  নির্ধারিত জায়গায় ব্যবসা পরিচালনা করার জন্য হকারদের পরিচয়পত্র প্রদান করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সেজন্য যাদের পরিচয়পত্র নেই তারা মহানগর হকার সমিতিতে হকার নিবন্ধনের জন্য আবেদন করলে তা যাচাই বাছাই করবে সিটি কর্পোরেশন।

১ সেপ্টেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানা গেছে।

কর্পোরেশন সূত্র জানায়, বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হকার সমিতি নেতৃবৃন্দ তাদের নিবন্ধিত হকারদের চূড়ান্ত একটি তালিকা মেয়রের কাছে হস্তান্তর করেছে। তালিকা অনুসারে নগরীর ১০টি স্পটে ব্যবসা পরিচালনাকারী ৩ হাজার ৫১৬ জন হকার ব্যবসায়ীর নাম লিপিবদ্ধ রয়েছে।

নগরীর শাহ আমানত মার্কেট থেকে নিউমার্কেট কৃষ্ণচুড়া স্কুল পর্যন্ত ৮৬৩ জন, গোলাম রসুল মার্কেট থেকে তামাকুমন্ডী লেইন মুখ পর্যন্ত ২৫২ জন, শহীদ সোহরাওয়ার্দী রোড উভয় পাশে ২৫২ জন, স্টেশন রোড নুপুর গলি থেকে কবরস্থান পর্যন্ত ৩৭১ জন, পর্যটন হোটেল থেকে পুরাতন স্টেশন পর্যন্ত ৩১৬জন, তামাকুমন্ডী লেইন থেকে হোটেল এবিপি পর্যন্ত ৩৭৮জন, হোটেল এবিপি থেকে নুপুর গলি ২০৩জন, স্টেশন রোড পর্যটন থেকে নতুন স্টেশন পর্যন্ত ৩০৩ জন, স্টেশন রোড পর্যটন থেকে নতুন স্টেশন ২৬৩জন এবং কেসি দে রোড/লয়েল রোড/লালদিঘী থেকে আন্দরকিল্লা পর্যন্ত ৩১৫ জন হকার ব্যবসায়ীর তালিকায় নাম আছে।

মেয়র আ জ ম নাছির বলেন, যাদের নাম এই তলিকায় আছে তাদেরকে চসিকের পক্ষ থেকে একটি পরিচয়পত্র প্রদান করা হবে। নিয়মানুযায়ী বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত হকাররা ব্যবসা পরিচালনা করতে পারবে। তবে সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার এই দুই দিনে সকাল ১০টা থেকেই ব্যবসা পরিচালনা করতে পারবে। পরিচয় পত্রের পাশাপাশি প্রত্যেক হকার ব্যবসায়ীকে কর্পোরেশনের পক্ষ থেকে একটি করে ছাতাও প্রদান করা হবে।

মেয়র জানান, হকারদের জন্য কয়েকটি নতুন মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ লক্ষ্যে প্রকল্পের ডিপিপি তৈরি করা হচ্ছে। এছাড়া চসিকের পক্ষ থেকে এই হকারদের মনিটারিং করা হবে। বেঁধে দেওয়া সময়ের বাইরে কেউ নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে চসিক।

তাই হকার সমিতি নেতৃবৃন্দকে সময় মেনে কাজ করতে ও হকাররা যাতে নিয়ম ভেঙ্গে কোন কাজ না করতে পারে সেদিকে খেয়াল রাখার আহবান জানান মেয়র।

(এমএ/ এমআর / ৫ আগষ্ট, ২০১৭)