Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 15:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নিরাপদ ও ভেজালমুক্ত শাক-সবজি, ফলমূল ও অন্যান্য খাদ্যদ্রব্য প্রাপ্তির বিষয়টি বর্তমান সময়ে একটি উৎকন্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

শনিবার (০৫ আগস্ট, ২০১৭) রাজধানীর ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিতকরন ও নীতিমালা কার্যকর বিষয়ক গোলটেবিল আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউএসএআইডি’র এগ্রিকালচারাল ভ্যালু চেইনস (এভিসি) প্রজেক্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।

গোলটেবিল আলোচনা সভার প্রধান অতিথি ও ডিসিসিআই পরিচালক ইঞ্জিনিয়ার আকবর হাকিম বলেন, বাংলাদেশের কর্মক্ষেত্রে নিয়োজিত জনসংখ্যার প্রায় ৫০% লোক কৃষি কাজের সাথে জড়িত এবং গ্রামীণ অঞ্চলে এ সংখ্যা প্রায় ৮৭%।

তিনি বলেন, কর্সসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় ১৪.৭৯%। শত প্রতিকূলতার মধ্যেও দেশের কৃষি খাত ক্রমশ উন্নতি লাভ করছে। কিন্তু নিরাপদ ও ভেজালমুক্ত শাক-সবজি, ফলমূল ও অন্যান্য খাদ্যদ্রব্য প্রাপ্তির বিষয়টি বর্তমান সময়ে একটি উৎকন্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরোও জানান, সরকার কর্তৃক পরিচালিত একটি জরিপে প্রতীয়মান হয় যে, ২০১৬ সালের জুন মাসে ৫২৪টি খাদ্য পণ্যের মধ্যে ১৩২টিতে অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে “নিরাপদ খাদ্য আইন ২০১৩” প্রণয়নের পাশাপাশি “বাংলাদেশ ফুড সেফটি অথিউরিটি” গঠন করেছে। তিনি দেশের জনগনের সুস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

ডিসিসিআই’র প্রাক্তন সহ-সভাপতি ও ডিসিসিআই-ডাই প্রকল্পের টিম লিডার মোঃ শোয়েব চৌধুরী বলেন, দেশের কৃষি খাতে নিয়োজিত ব্যক্তি ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং সহায়তার লক্ষ্যে “ডিসিসিআই-ডাই প্রকল্প” ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদান সহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে। তিনি আরোও বলেন, বর্তমানে আমাদের কৃষি পণ্য প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি হচ্ছে, তবে সময় এসেছে ইউরোপ এবং আমেরিকার বাজারে আমাদের কৃষি পণ্য রপ্তানির বিষয়ে মনোযোগী হওয়ার। তিনি কৃষি বিষয়ক উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তিসমূহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সমূহে পৌঁছে দেওয়ার আহবান জানান।

গোলটেবিল আলোচনা সভায় সলিডারিডেড নেটওয়ার্ক এশিয়া’র সাপ্লাই চেইন অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মোঃ মজিবুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বলেন, কৃষি পণ্য উৎপাদনের বহুমুখীকরন, অবকাঠামো ও বাজার ব্যবস্থাপনার উন্নয়ন একান্ত অপরিহার্য। এছাড়াও তিনি এ খাতের উন্নয়নে নীতিমালা সমূহের সংশোধন ও যুগোপযোগী করার উপর গুরত্বারোপ করেন।

নির্ধারিত আলোচনায় বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সভাপতি নিয়াজ রহিম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ কনজুমার এসোসিয়েশনের প্রগ্রাম কো-অর্ডিনেটর আহমেদ একরাম উল্ল্যাহ অংশগ্রহণ করেন। নিয়াজ রহিম বলেন, উন্নত যাতায়ত ও সংরক্ষন ব্যবস্থার অভাবে উৎপাদিত কৃষি পণ্যের প্রায় ৩৫% নষ্ট হচ্ছে। তিনি আরোও বলেন, নিরাপদ কৃষি পণ্য উৎপাদন ও প্রাপ্তির নিশ্চিতকরনের জন্য কৃষকদের সচেতনের পাশাপাশি সরকারী ও বেসরকারীখাত কে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। ড. মোঃ আব্দুর রউফ বলেন, দেশের কৃষি কাজে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানদের মাঝে কেমিক্যাল সার ব্যবহারের সাথে সাথে অর্গানিক সার ব্যবহারের প্রবনতা বেড়েছে, যা একটি আশাব্যঞ্জক দিক। তিনি কৃষি পণ্য উৎপাদনে বহুমুখীকরনের উপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একরাম উল্ল্যাহ বলেন, বাংলাদেশ কনজুমার এসোসিয়েশনের পক্ষ হতে ঢাকা ও ঢাকার বাইরে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতামূলক ওয়ার্কশপ পরিচালনা করেছে, যা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে।

ডিসিসিআই সমন্বয়কারী পরিচালক ইমরান আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মুক্ত আলোচনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক মোঃ আবুল হাসেন, ডিসিসিআই প্রাক্তন পরিচালক আলহাজ্ব আব্দুস সালাম, প্রাক্তন পরিচালক আলহাজ্ব আব্দুল আজিজ সরকার এবং আহবায়ক এম এস সিদ্দিকী অংশ গ্রহণ করেন।

ডিসিসিআইর প্রাক্তন সহ-সভাপতি এম আবু হোরায়রাহ, মহাসচিব এএইচএম রেজাউল কবির সহ অন্যান্য অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

(শামীম্ ০৬ আগস্ট ২০১৭)