Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 09:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: গ্রেফতারি পরোয়ানা ছাড়াই প্রীতম ভৌমিক নামে এক স্কুলছাত্রকে ৪ দিন আটকে রেখে নির্যাতন করায় নরসিংদী সদর মডেল থানার এসআই মো. মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রীতমের বাবা প্রদীপ ভৌমিক জেলা ও দায়রা জজ আদালতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ১৩/১৫ ধারা অনুযায়ী এই মামলা দায়ের করেছেন। মামলা নং-২/২০১৭।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, গত ৮ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে নরসিংদী শহরের মধ্যকান্দাপাড়া মহল্লার হরিপদ সাহার বাসার পঞ্চম তলায় দিপ্তী ভৌমিক নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা তার বাসা থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়। এসময় দিপ্তী ভৌমিকের ছেলে প্রীতম শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের প্রাক-নির্বাচনি পরীক্ষা দিচ্ছিল। দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে ইংরেজি পরীক্ষা শেষে সে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ডাকাডাকি করতে গিয়ে দেখে তার মাকে কে বা কারা গলাকেটে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। বাসার আসবাবপত্র তছনছ করা হয়েছে। এ ব্যাপারে নিহত দিপ্তী ভৌমিকের মেয়ের জামাই নয়ন কুমার সাহা বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২১, ৮/৭/২০১৭। কিন্তু দীর্ঘ ২৩ দিনেও পুলিশ ঘটনার কোন কূল-কিনারা করতে পারেনি। এ অবস্থায় এ হত্যাকান্ড নিয়ে জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় বহু লেখালেখি হয়। ৩১ জুলাই রাত সাড়ে ৮ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদ মোবাইল ফোনে নিহত দিপ্তী ভৌমিকের ছেলে স্কুলছাত্র প্রীতমকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর বাড়ি ফিরতে দেয়নি। তাকে কোর্টেও চালান দেয়নি। ৪ দিন আটকে রেখে তার ওপর অমানুসিক নির্যাতন চালানো হয়।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, প্রীতমকে মারধর করা হয়েছে। দুই হাতের কব্জি, বাম হাতের আঙুলে ইলিকট্রিক শক দিয়ে নিপীড়নমূলক কায়দায় তার ওপর বর্বরোচিত নির্যাতন চালানো হয়। এরপর প্রীতমকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করে। শুধু তাই নয় প্রীতমকে নির্যাতন করা অবস্থায় মামলার বাদী নয়ন সাহাকে ডেকে নিয়ে ক্রস ফায়ারের ভয় দেখানো হয়। গত সোমবার (৭ আগস্ট) বিজ্ঞ জেলা ও দায়রা জজ এই আরজির ওপর শোনানী গ্রহণ করেন।

মামলার আইনজীবী এড. মনিরুজ্জামান জানান, শুনানি শেষে বিজ্ঞ বিচারক নির্যাতনে আহত প্রীতম ভৌমিককে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান, মামলার বাদীপক্ষের নিরাপত্তা বিধান এবং মামলার ঘটনা তদন্তের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ০৮ আগস্ট ২০১৭)