
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৮ সালের এপ্রিল মাস থেকে নতুন কল-কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল মঙ্গলবার দেশের জ্বালানি নিরাপত্তার বিষয়ে ইংরেজি দৈনিক ডেইলি সান আয়োজিত ‘জ্বালানি নিরাপত্তা ও ভিশন ২০৪১’ র্শীষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কল-কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার কাজ আপাতত বন্ধ আছে। তবে আগামী এপ্রিল থেকে নতুন সংযোগ দেয়ার কাজ শুরু হবে।
নসরুল হামিদ বলেন, আমাদের দেশে কারখানাগুলো অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে । আমাদের কোনো সরকার কখনো চিন্তা করেনি যে কারখানাও পরিকল্পিত ভাবে করা যায়। তবে বর্তমান সরকার সে বিষয়ে চিন্তা করে ১০৮ টি ইকোনমিক জোন গড়ে তুলেছে। আমাদের টার্গেট হলো আগামীতে এলএনজি আসছে, নতুন যে গ্যাস গ্রিডে যাবে তা আমরা শুধুমাত্র ইকোনমিক জোনে দিবো। এর বাইরে নতুন কোন গ্যাস দিবো না।
কারখানা মালিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা যত্রতত্র, যেখানে সেখানে গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছি। কারণ এতে সিস্টেম লস বেড়ে যাচ্ছে এবং অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ এর ব্যবহার হচ্ছে এবং এটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে। আমরা চাই উন্নত বিশ্বের মতো এখানেও যেন এক সেকেন্ডর জন্য বিদ্যুৎ না যায়।
পরিকল্পিত ভাবে কারখানা গড়ে তুলার উপর জোর দিয়ে তিনি বলেন যে নসরুল হামিদ বলেন, দেখা যায় ২ থেকে ৩ কিলোমিটার দূরে অপরিকল্পিত ভাবে একটি একটি কারখানা গড়ে উঠে, পরে ওই লাইন থেকে ২ থেকে ৩ বছরের মধ্যে আরো কয়েকটি কারখানা গড়ে উঠে, যার কারণে গ্যাস বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে চাপ কমাসহ নানা সমস্যা হয়। তবে এ কারখানাগুলো যদি ইকোনমিক জোনে হতো তবে এ সমস্যা হতো না।
তিনি বলেন, আমাদের বড় বড় প্রকল্পগুলোর কাজ চলছে এবং ২০ থেকে ৩০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিল্প-কারখানাগুলোতে এনার্জি অডিটিং (জ্বালানি নিরীক্ষা) কররার পরিকল্পনা নিয়েছে। যার মাধ্যমে জানতে পারবে কোন কারখানা কতটা সুচারুভাবে (ইফেসিয়েন্টলি) জ্বালানি ব্যবহার করছে।
আজকের এই গোল টেবিল বৈঠকে এফবিসিসিআিইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জেষ্ঠ্য সহ-সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহ, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম রাব্বানী, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য, রুপান্তরিত প্রকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: কামরুজ্জামান, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এম আবুল কাশেম, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সদস্য মো ফখরুজ্জামান ও পরিচালক কাজী আবসার উদ্দিন আহমেদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নায়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদও বক্তব্য রাখেন।
(এসএএম/ ০৯ আগস্ট ২০১৭)