Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 06:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ বগলদাবা করলো স্প্যানিশ জায়ান্টরা।

মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে’র ফিলিপ টু অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ শিরোপাজয়ী দু’দলের খেলা এগিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। তবে প্রথমে সাফল্য পায় রিয়াল। ম্যাচের ২৪ মিনিটে ড্যানিয়েল কারভাহালের পাস থেকে দলকে লিড এনে দেন ক্যাসেমিরো।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় ম্যানইউ। কিন্তু লস-ব্লাঙ্কোজদের রক্ষণ ভেদ করতে পারেননি হোসে মরিনহোর শিষ্যরা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরেই ফের গোলের দেখা পায় দলটি। ম্যাচের ৫২ মিনিটে গ্যারেথ বেলের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন ইসকো।
২-০তে পিছিয়ে পড়ার গোল পেতে মরিয়া আক্রমণ চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলও হাতেনাতে পায় দলটি। ৬২ মিনিটে দলের হয়ে ব্যবধান কমান রোমেলু লুকাকু।

বাকি সময়েও সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা চালায় ম্যানইউ। তবে রিয়াল রক্ষণভাগে ফাটল ধরাতে পারেননি জেসে লিনগার্ডরা। ফলে কাঙ্ক্ষিত গোলের দেখাও পায়নি তারা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে জিনেদিন জিদানের শিষ্যরা।
প্রাক-প্রস্তুতিতে জয়বঞ্চিত থাকলেও আত্মবিশ্বাসী জয় দিয়েই প্রতিযোগিতামূলক মৌসুম শুরু করলো রিয়াল।

(এমআইআর/ ০৯ আগস্ট ২০১৭)