Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 11:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ফরিদপুর সদরের ভূঁইয়াবাড়ির ঘাট এলাকায় গতকাল বুধবার রাতে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এ অবস্থায় এলাকাবাসী বালুর বস্তা ফেলে পানিপ্রবাহ বন্ধ করেন।

পদ্মার পানি বাড়া অব্যাহত থাকায় ফরিদপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনটি উপজেলার ২২৯ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে আরও ১৬ সেন্টিমিটার।

আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বলে পরিচিত গোয়ালন্দ-তাড়াইল সড়কে ফাটলের সৃষ্টি হলে সেখান দিয়ে পানি ঢুকতে শুরু করে। আজ সকাল ১০টা পর্যন্ত এ পানিপ্রবাহ বন্ধ করা যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ড ফাটল বন্ধে কাজ করছে।

ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৬৬টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮০০ পরিবারের বসতবাড়ি পানিতে ডুবে গেছে। ১০ হাজার ৬০০ পরিবার পানিবন্দী। বন্যাকবলিত তিনটি উপজেলার ১০২টি কাঁচা ও পাকা সড়ক তলিয়ে গেছে। ফরিদপুর সদরের পাঁচটি, চরভদ্রাসনে ১৬, সদরপুরে ২২টিসহ মোট ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফরিদপুরের বন্যাকবলিত তিনটি উপজেলায় ১৭১ হেক্টর ধান, ৫৮ হেক্টর সবজিসহ মোট ২২৯ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে।

(এম আর / ১৭ আগষ্ট, ২০১৭)