Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 11:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীর চিনিশপুরে শ্বশুড় বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্ত্রীর সামনে সুজন সাহা (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ঘটনার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (১৮ আগস্ট) রাতে স্ত্রী অদিতি সাহার প্রেমিক তামজিদ (১৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১৯ আগস্ট ) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তামজিদ। তামজিদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রক্তমাখা কাপড় ও হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে। অভিযুক্ত তামজিদ নরসিংদী শহরের ভেলানগর মহল্লার ফেরদৌস মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গত বুধবার (১৬ আগস্ট) রাতে ঢাকা থেকে নরসিংদীতে শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার পথে স্ত্রীর সামনে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ঢাকার পীরেরবাগ এলাকার সুজন সাহা (৪০)। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্ত করতে গিয়ে মোবাইল ফোনের একটি এসএমএস -এর সূত্র ধরে শুক্রবার রাতে আটক করা হয় তামজিদকে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামজিদ পুলিশকে জানান, অদিতি সাহার সঙ্গে প্রায় ৫ বছর ধরে তামজিদের প্রেমের সম্পর্ক চলে আসছিল। ভিন্ন ধর্মের হওয়ায় দুজনের পরিবারই তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি।

জবানবন্দিতে তামজিদ আরও জানান, ৬ মাস আগে অদিতিকে তার পরিবার ইচ্ছের বিরুদ্ধে ঢাকার সুজন সাহার সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পরও প্রেমিক তামজিদের সঙ্গে ফোনে যোগাযোগ অব্যাহত রাখেন অদিতি সাহা। এদিকে স্বামী সুজন সাহা ও তার পরিবারের লোকজনের কাছে অদিতির প্রেমের বিষয়টি জানাজানি হয়ে য্য়। এ নিয়ে স্বামী সুজন সাহা অদিতিকে গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হন তামজিদ। পরে অদিতি তামজিদকে জানায়, তার সংসার করতে ভালো লাগছে না। তাকে (তামজিদ) কিছু একটা করতে বলেন তিনি।। ঘটনার দিন অদিতি তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে মনসা পূজায় অংশগ্রহণের জন্য আসছিলেন। আসার সময় তিনি এসএমএস’র মাধ্যমে বিষয়টি তামজিদকে জানিয়ে দেন। এ তথ্য পেয়ে তামজিদ একটি চাপাতি নিয়ে ঘটনাস্থলের পাশে ঝোঁপের ভেতরে অপেক্ষা করতে থাকেন। অদিতি তার স্বামীকে নিয়ে সেখানে আসামাত্র মুখোশধারী তামজিদ সুজন সাহাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

(এসএইচআর/ এসএএম/ ২০ আগস্ট ২০১৭)