
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দিন দিন বাড়ছে।
রাশিয়ার একটি ব্যাংক জানিয়েছে, এ বছর স্বর্ণের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে।আগামী ৩ মাসের মধ্যে স্বর্ণের দর আউন্সপ্রতি ১ হাজার ৩৬০ ডলারে পৌঁছাতে পারে (এক আউন্স=২.৪৩ ভরি)। আর বছর শেষে এটি দাঁড়াতে পারে ১ হাজার ৪০০ ডলারে।
এমনটা হলে বাংলাদেশের বাজারেও আগামী ৪ মাসে স্বর্ণের দর না কমে কয়েকদফা বাড়তে পারে।
ভারতে রাশিয়ার এক স্বর্ণবাজার বিশেষজ্ঞ এভগেনি অ্যানানিভ জানান, রাজনৈতিক এই উত্তেজনার মধ্যে বাজার কিছু সংশোধন হতে পারে। তবে এই মুহূর্তে দর ১ হাজার ২০০ ডলারের নিচে নামবে বলে আশা করা যায় না।
গত সপ্তাহে পণ্যটি ১ হাজার ২৮১ ডলারে কেনা বেচা হয়েছে। এদিকে, এর মধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে স্বর্ণের দর ২ দফা বাড়ানো হয়েছে।
বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীদের মতে, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি বিক্রি হচ্ছে ২৬ হাজার ২৪৪ টাকা।
ইকোনমিক টাইমসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এবং উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন রাজ্যের সম্ভাব্য পরমাণু দ্বন্দ্বই এ বাজারকে দিন দিন চাঙ্গা করছে। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় এ বছর পণ্যটির দর ১২ শতাংশ বেড়েছে। সূত্র:ইকোনমিক টাইমস
(এম আর / ২১ আগষ্ট, ২০১৭)