Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 22:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রিটেনের শীর্ষ কর্মকর্তাদের বেতন প্রায় এক-পঞ্চমাংশ হ্রাস পেয়েছে। সরকারের বেতন সংস্কার নীতির প্রভাবে প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের বেতনে পতন দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান ডেলোয়েটের পরিসংখ্যান অনুসারে, বোনাস ও অন্যান্য দীর্ঘমেয়াদি প্রণোদনাসহ গত বছর এফটিএসই ১০০ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের গড় বেতন ১৯ শতাংশ হ্রাস পেয়ে প্রায় ৪১ লাখ ডলারে দাঁড়িয়েছে। আগের বছর ছিল প্রায় ৫০ লাখ ডলার। কোম্পানি প্রধানদের বেতন সীমিত করতে গৃহীত নীতি কাজে লেগেছে বলে ধারণা করা যায়।

ডেলোয়েটের প্রতিবেদন অনুসারে, নতুন নিয়োগপ্রাপ্ত প্রধানদের বোনাস ও অবসর ভাতা হ্রাস করা হয়েছে। ডেলোয়েটের প্রতিবেদনের সঙ্গে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান হাই পে সেন্টারের সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রতিবেদনের মিল রয়েছে। হাই পে সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এফটিএসই তালিকাভুক্ত কোম্পানির প্রধানদের গড় বেতন ১৭ শতাংশ হ্রাস পেয়েছে।

ডেলোয়েটের ভাইস চেয়ারম্যান স্টিফেন কাহিল বলেন, পারিশ্রমিক কমিটি শেয়ারহোল্ডারদের উদ্বেগ মোকাবেলায় কার্যকর প্রচেষ্টা নিতে সক্ষম হয়েছে, নির্বাহীদের বেতন হ্রাস সেটাই প্রমাণ করে।

এদিকে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানটির পরিচালক স্টেফান স্টার্ন শীর্ষ নির্বাহীদের বেতন হ্রাস নিয়ে ততটা আশাবাদী নন। তিনি বলেন, সরকারি চাপে বেতন দু-একটি ক্ষেত্রে হ্রাস পেতে দেখা গেছে। উচ্চ প্রোফাইলের এক বা দুজনের বেতন কমায় চলতি বছর নির্বাহীদের গড় বেতনে পতন ঘটেছে।

২০১৩ সালের নতুন আইনে অন্য কর্মীদের সঙ্গে শীর্ষ নির্বাহীদের বেতনের অনুপাত প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রতি তিন বছরে বেতন বিষয়ে শেয়ারহোল্ডারদের ভোট আয়োজন বাধ্যতামূলক করা হয়েছে। তা সত্ত্বেও শীর্ষ নির্বাহীদের উচ্চ বেতন নিয়ে অসন্তুষ্টি অব্যাহত রয়েছে।

এদিকে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও কর্মীদের মধ্যকার ‘অযৌক্তিক ও ক্রমবর্ধমান’ বেতন ব্যবধান মোকাবেলায় পারিশ্রমিক নিয়ন্ত্রণ নীতির আরো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।

হাই পে সেন্টার জানায়, চলতি বছর এফটিএসই ১০০ কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তা ও সাধারণ কর্মীদের বেতন প্যাকেজের গড় অনুপাত হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১২৯:১। এর অর্থ, সাধারণ কর্মীদের ১ ইউরো বেতনের বিপরীতে শীর্ষ কর্মকর্তারা ১২৯ ইউরো পাচ্ছেন। ২০১৫ সালে শীর্ষ কর্মকর্তা ও সাধারণ কর্মীদের বেতনের অনুপাত ছিল ১৪৮:১।

ডেলোয়েটের ভাইস চেয়ারম্যানের মতে, এ বিষয়ে আরো হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নেই। এছাড়া চলতি বসন্তের এজিএমে বিনিয়োগকারীদের সমালোচনা প্রত্যাশার তুলনায় কম ছিল।

সূত্র : গার্ডিয়ান ও বিবিসি

(দীপ্ত/ ২২ আগস্ট ২০১৭)