
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রংপুরের গঙ্গাচড়ায় ৩০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ব্যক্তি মালিকানাধীন কোম্পানি ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ আগামী ১৩ মাসের মধ্যে জাতীয় গ্রিডে যোগ হবে।
আগামী ২০ বছর এ কেন্দ্র থেকে সরকার প্রতি ইউনিট ১২ টাকা ৮০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে।
রোববার বিদ্যুৎ ভবনে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং বিদ্যুৎ কেনা-বেচা সংক্রান্ত দুইটি চুক্তি সই হয়।
ইন্ট্রাকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াদ আলী এবং পিডিবির পক্ষে এর সচিব মিনা মাসুদ উজ্জামান এবং বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফয়েজুল আমিন চুক্তিতে করেন।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডসহ (ইডকল) কয়েকটি দেশীয় লিজিং কোম্পানি ইন্ট্রাকো গ্রুপের এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য অর্থায়ন করছে।
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস ও পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৭ আগস্ট ২০১৭)