Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 10:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মানবসম্পদ কমিয়ে আনতে এক বছর ধরে কর্মী ছাঁটাই করছে এরিকসন বাংলাদেশ। গত ১৯ আগস্ট প্রতিষ্ঠানটি ৬০ জন কর্মীকে বিদায় দেয় পাওনা পরিশোধ না করেই।

এতে বিদ্যমান কর্মীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। শ্রম আইন লঙ্ঘন করে এ প্রক্রিয়ায় কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছেন কর্মীরা। গতকাল শুরু হয়েছে তাদের অনশন কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে নেয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

জানা গেছে, চাকরিচ্যুত কর্মীদের আর্থিক সুবিধা দেয়ার দাবি নিয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার উদ্যোগ নেন। কিন্ত এতে সাড়া দেয়নি এরিকসন বাংলাদেশ কর্তৃপক্ষ।

গতকাল কার্যালয়ে আসেননি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি প্রতিষ্ঠানের সব কর্মীকে পাঠানো এক ই-মেইলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অফিসে না আসার জন্য অনুরোধ করেছেন এরিকসনের বাংলাদেশসহ তিনটি দেশের কান্ট্রি ডিরেক্টর টড অ্যাস্টন এবং ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম। এর পরিপ্রেক্ষিতে গতকাল থেকে অনশন কর্মসূচি পালন করছেন এরিকসনের কর্মীরা।

গত বছরের ১৮ এপ্রিল থেকে জনবল কমিয়ে আনার এ প্রক্রিয়া শুরু করে এরিকসন বাংলাদেশ। ওই সময় প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ছিল সব মিলিয়ে সাড়ে আটশর মতো। এর মধ্যে নিজস্ব কর্মী ছিল সাড়ে ৫০০। আর বাকি ৩০০ কর্মী তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের। সর্বশেষ ১৯ আগস্ট আরো ৬০ জন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। তবে এক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সুবিধার ঘোষণা দেয়া হয়নি।

সব মিলিয়ে গত বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠানটির ৫৬৯ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে এরিকসন বাংলাদেশের কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ১৮০।

সম্প্রতি প্রতিষ্ঠানটি জনবল আরো কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। এর প্রতিবাদে এরিকসন বাংলাদেশের কার্যালয়ের সামনে গতকাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা।

নিজেদের দাবি আদায়ে শ্রম পরিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) এরিকসনের আঞ্চলিক কার্যালয়ের কাছে চিঠি দিয়েছেন এরিকসনের কর্মীরা।

জানা গেছে, স্থানীয়ভাবে নিয়োগ দেয়া কর্মীদেরই মূলত হঠাৎ করে চাকরিচ্যুতির নোটিস দেয়া হচ্ছে। এদের অনেকেই এক দশকেরও বেশি সময় ধরে এরিকসনে কাজ করছেন। অথচ এর মধ্যেই বিদেশী কর্মীদের নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সেলফোন নেটওয়ার্ক প্রযুক্তি প্রতিষ্ঠান এরিকসনের ব্যবসা সাম্প্রতিককালে কমেছে।

(এম আর / ২৯ আগষ্ট, ২০১৭)