
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের মানুষকে ঈদ উপহার দিল বাংলাদেশ ক্রিকেট টিম। আর এর বদলে টাইগারদেরও পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টোডিয়ামে দীর্ঘ ১১ বছর পরে মুখোমুখি হয়ে প্রথম টেস্টেই ২০ রানের ঐতিহাসিক জয়ের মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের পর বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন খেলোয়াড়দের সঙ্গে।


বিসিবি সভাপতি এই টেস্টে জয়ে দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন। সেই সঙ্গে যোগ হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার জন্য চার কোটি টাকা। অর্থাৎ টাইগারদের মোট পুরস্কার ৬ কোটি টাকা। দলের ১৪ ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ পাবেন এই অর্থ।
খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বেরুনোর সময় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের কারণে দলের খোলায়াড়দের ২কোটি টাকার প্রণোদনা ভাতা দেওয়া হবে।
তিনি জানান, আগামীকালের মধ্যে এই দুই কোটি টাকার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনালে ওঠার জন্য আইসিসি থেকে পাওয়া চার কোটি টাকা সহ মোট ছয় কোটি টাকা আগামীকাল বৃহস্পতিবার খেলোয়াড়দের মধ্যে বন্টন করে দেওয়া হবে।

এদিকে টেস্টে মাশরাফি না থাকলেও ওই বোনাসের ভাগ পাবেন তিনিও। কারণ আইসিসি থেকে পাওয়া চার কোটি টাকার মধ্যে অংশীদার মাশরাফিও।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টে এটাই বাংলাদেশের প্রথম জয়।এই জয়ের মধ্য দিয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।



(এম আর / ৩০ আগষ্ট, ২০১৭)