
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: গাজীপুরে ড্রাম থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত নার্গিস বেগম (৫৪) নরসিংদীর ঘোরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার আব্দুর রহিমের মেয়ে।
ছেলে নাজিউর রহমান বাবু (২৪) শনিবার মায়ের লাশটি শনাক্ত করেছেন বলে জানান জয়দেবপুর থানার এস আই মনতোষ চন্দ্র দাস।
স্বজনরা জানান, স্বামী সাবেক গোয়েন্দা কর্মকর্তা আনসার উল্লাহ ঢাকার ১৭০ নম্বর তেজকুনীপাড়ার বাসায় থাকেন।
আনসার উল্লাহর দুই স্ত্রী। প্রথম স্ত্রী, তার দুই মেয়ে এবং নার্গিসের দুই ছেলের একজন ও এক মেয়ে ঢাকায় আনসার উল্লাহর সঙ্গে থাকেন; নার্গিসের ছোট ছেলে খুলনায় লেখাপড়া করেন। চাকরির কারণে নার্গিস নরসিংদীতে থাকতেন। ছুটি পেলে ঢাকা আসতেন।
এসআই মনতোষ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুরের এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তিনি কমলাপুরে যাওয়ার জন্য বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন নার্গিস।
ঈদের দিন সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছে ঢাকা বাইপাস সড়কের পাশে কাওরানবাজার আড়তের গেইটের সামনে ড্রামে ভরা তার লাশ পাওয়া যায়।
এসআই মনতোষ জানান, নিহত নারীর পরনে টিয়া রংয়ের সালোয়ার-কামিজ ছিল। লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশটিতে পচন ধরেছে।
এ ঘটনায় জয়দেবপুর থানায় নিহতের ছেলে নাজিউর রহমান বাবু বাদী হয়ে একটি মামলা দায়েরের করা হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, নিহতের বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে ২/৩ তিন আগে তাকে হত্যা করা হয়েছে।
নার্গিসের এক আত্মীয়া গাজীপুরের শারমিন আক্তার বলেন, নার্গসের স্বামীর আরেক স্ত্রী রয়েছেন। নার্গিস ছিলেন দ্বিতীয় স্ত্রী। স্বামী আনসার উল্লাহ এখন হজ্বে আছেন।
নার্গিসের দুই ছেলের একজন ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেক ছেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। সবার ছোট মেয়েও ঢাকায় থাকেন।
নার্গিসের ভাই মো. সাইদুর রহিম জূয়েল জানান, আনসার উল্লাহ ঢাকার তেজকুনীপাড়ার বাসায় প্রথম স্ত্রী ও উভয় পক্ষের সন্তানদের নিয়ে বসবাস করেন। তিনি প্রথম স্ত্রীকে নিয়ে মক্কায় হজ্ব করছেন।
আগের স্ত্রীর দুই মেয়ে এবং নার্গিসের তিন ছেলে-মেয়ে রয়েছে বলে তিনি জানান।
(এসএইচআর/ এসএএম/ ০৫ সেপ্টেম্বর ২০১৭)