Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 05:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমারে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করতে কক্সবাজার পৌঁছেছেন তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু।

টেকনাফের কুতুপালং রোহিঙ্গা শিবির ও পাশে একটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তারা।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে নামেন তারা। এসময় বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে তারা টেকনাফের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে বুধবার ভোররাতে ঢাকায় পৌঁছান তুর্কি ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল বুধবার তুরস্কের টেলিভিশন চ্যানেল অ্যাটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির উপ-প্রধানমন্ত্রী হাকান কোভুসোগলু বলেন, আজ বাংলাদেশ সফরে যাবেন এমিনি এরদোয়ান; যেখানে মিয়ানমার থেকে আসা মুসলিম ভাইদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে নতুন করে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।

এরপর বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের হিসাবে, বুধবার পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৪৬ হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচির সঙ্গে টেলিফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।

শান্তিতে নোবেলজয়ী দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রীর কাছে রোহিঙ্গাদের উপর নিপীড়নে মুসলিম বিশ্বের গভীর উদ্বেগ তুরস্কের প্রেসিডন্ট তুলে ধরেন।

রোহিঙ্গাদের ওপর সহিংসতা ‘গণহত্যার শামিল’ এবং সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন এরদোয়ান। তবে রাখাইন রাজ্যের সবাইকে তার সরকার সুরক্ষা দিচ্ছে বলে দাবি করেছেন সু চি।

তিনি বলছেন, ভুয়া ছবি ও খবরের মাধ্যমে বাস্তব পরিস্থিতিকে বিকৃত করে সন্ত্রাসীদের স্বার্থে প্রচার করা হচ্ছে।

(এসএএম/ ০৭ সেপ্টেম্বর ২০১৭)