
বিনিয়োগবার্তা ডেস্ক: টেস্টে ৫০০ উইকেটের ক্লাবে ঢুকলেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। তৃতীয় পেসার, সার্বিকভাবে ষষ্ঠ বোলার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি।
লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামার আগে অ্যান্ডারসনের উইকেট ছিল ৪৯৭। প্রথম ইনিংসে ২ উইকেট শিকার করেন তিনি। এতে প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেট পেতে দ্বিতীয় ইনিংসে তার দরকার ছিল মাত্র ১টি। ক্রেগ ব্রাফেটকে আউট করে সেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন ল্যাঙ্কাশায়ার কিংবদন্তি। ১২৯ টেস্ট খেলে এ কীর্তি গড়লেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা, ভারতের অনিল কুম্বলে এবং ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ এ অভিজাত ক্লাবের সদস্য হন।
এ লর্ডসেই ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় অ্যান্ডারসনের। ওই টেস্টের প্রথম ইনিংসের ৫ উইকেট শিকার করেন তিনি। এরপর সাদা পোশাকে ডানহাতি পেসার হয়েছেন ইংলিশ বোলিং আক্রমণের কর্ণধার। ২০১৫ সালে অ্যান্টিগুয়ায় স্বদেশী বিশ্ব কাঁপানো অলরাউন্ডার ইয়ান বোথামের ৩৮৩ উইকেটের রেকর্ড ভাঙেন। এর কয়েক সপ্তাহ পর হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
(এমআইআর/ ০৯ সেপ্টেম্বর ২০১৭)