Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 03:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)। ওই এলাকায় সেনা অভিযানের ফলে রাখাইনে সৃষ্ট মানবিক সংকট থেকে উত্তরণে ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলোকে কাজ করার সুযোগ দিতে রোববার থেকে আরসা এক মাসের অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে।

বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৫ আগস্ট এআরএসএ দেশটির রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ও সেনাচৌকিতে হামলা চালিয়েছে এমন অভিযোগে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী ও পুলিশ।

অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পর এক বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিও অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে এআরএসএ। এছাড়া ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে যাওয়ার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানিয়েছে গ্রুপটি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাখাইনের ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে হামলা হয়। এরপর সেখানে সেনা অভিযান শুরু হলে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পথে রোহিঙ্গাদের ঢল নামে। পালিয়ে আসা রোহিঙ্গারা সীমান্তের ওপারে সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও পরিকল্পিত দমন অভিযানের বিবরণ দেয়।

গত দুই সপ্তাহে প্রায় ৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

(এসএএম/ ১০ সেপ্টেম্বর ২০১৭)