Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 08:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ১ কোটি ১১ লাখ ৩৪ হাজার ২১১ জন বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। আর সবচেয়ে বেশি শ্রমিক কর্মরত আছেন সৌদি আরবে।

রোববার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সংসদে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত চাকরির উদ্দেশে এসব শ্রমিক বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) ছাড়পত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক ৩২ লাখ ২১ হাজার ৯৭৫ জন কর্মী গেছেন।

সরকারি দলের সদস্য নুরজাহান বেগম মুক্তার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের দেশে ফেরার সময় বিমানবন্দরে যাতে হয়রানির শিকার হতে না হয়, এজন্য ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে তাদের জন্য আলাদা বুথ রয়েছে। তাদের হয়রানি কমিয়ে আনতে আরও যত ধরনের পদক্ষেপ নিতে হয় সরকার নেবে।

সংসদ সদস্য আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ করে বিদেশগামী পুরুষ কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদানের আগে বিএমইটির অধীনে ৬৫টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনোটি থেকে তিনদিনের প্রি-ডিপার্চার ট্রেনিং গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, গৃহকর্ম পেশায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গমনকারী নারীদের জন্য ৩০ দিনের হাউসকিপিং আবাসিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

(এম আর / ১১ সেপ্টেম্বর, ২০১৭)