Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 10:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল সোমবার উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে। উত্তর কোরিয়া ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী পারমানবিক পরীক্ষা চালানোর কারণে দেশটিকে শায়েস্তা করতে সর্বসম্মত ভোটে টেক্সটাইল পণ্য রপ্তানির ওপর এ অবরোধ আরোপ করা হলো।

উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালানোর জবাবে কয়লা, সিসা ও সামুদ্রিক খাবার রপ্তানির ওপর অবরোধ আরোপের মাত্র এক মাস পর চীন ও রাশিয়া সমর্থন জানানোয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের খসড়া এ অবরোধ প্রস্তাব অনুমোদন দিলো।

মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেন, নতুন এ কঠোর পদক্ষেপ পিয়ংইয়ংয়ের জন্য একটি বার্তা যে পারমানবিক ক্ষমতাধর উত্তর কোরিয়াকে বিশ্ব কখনো মেনে নেবে না। তবে এ সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

পিয়ংইয়ং হাইড্রোজেন বোমা বানাচ্ছে বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালানোর হুমকিও দেশটি বজায় রেখেছে।
পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে উত্তর কোরিয়ার ওপর এমনিতেই জাতিসংঘের অবরোধ জারি রয়েছে।

(এমআইআর/ ১২ সেপ্টেম্বর ২০১৭)