
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: একটি তুলার গোডাউন ও কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা।
সোমবার রাত ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মতিসাহেবের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মতিসাহেবের ঘাটের পৌর এলাকার হোসেনপুর মহল্লার নাজিম উদ্দিনের ছেলে সফিন আহমেদের তুলার গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী এজবার আলীর আবাসিক হোটেলসহ বেশ কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। কিন্ত এ সময়ের মধ্যেই পুড়ে যায় তুলার গোডাউন, হোটেল ও ৫টি বসতবাড়ি। আগুনে পুড়ে প্রায় ১০লাখার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(এম আর / ১১ সেপ্টেম্বর, ২০১৭)