Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 14:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ থেকে এক শিশু ও নারী এবং নয়াপাড়া থেকে একজন পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার করে। তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের সহায়তায় যথাযোগ্য মর্যাদায় দাফনের ব্যবস্থা চলছে।

মরদেহ চারটি রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান ওসি।

এদিকে গেলো মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে নাফ নদীতে দুইটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সে ঘটনায় বুধবার রাতে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া গেলো ২৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে মোট ২২টি নৌকাডুবির ঘটনা ঘটে।

রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে গেলো ২৫ আগস্ট রাতে সন্ত্রাসী হামলা হয়। এর জেরে সেখানে নতুন করে সহিংস সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে কয়েক সপ্তাহে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

(এমআইআর/ ১৪ সেপ্টেম্বর ২০১৭)