Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 07:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে তিন রেহিঙ্গা পরিবারকে আটক করেছে পুলিশ। আটক তিন পরিবারে ২০ জন সদস্য রয়েছে। এর মধ্যে ১১ জন শিশু ৬ জন নারী এবং ৩জন পুরুষ। পালিয়ে আসার সময় হাসিনা (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছিলেন। তার হাতে ব্যান্ডেজ রয়েছে।

বুধবার তাদের আটক করা হয়। রাতে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তাদের জিজ্ঞাসা শেষে সিংগাইর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। বিদ্যালয়ের ৩ তলার একটি কক্ষে তাদের রাখা হলেও গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে ও ছবি তুলতে দেয়া হচ্ছে না।

রেহিঙ্গা পরিবারগুলোকে দেখতে বৃহস্পতিবার সকাল থেকে ভিড় করেন স্থানীয়রা। অনেককেই খাবার ও নগদ অর্থ দিয়ে তাদের সহযোগিতা করতে দেখা গেছে।

আটক রোহিঙ্গারা জানান, তারা সবাই মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু জেলার মন্ডুকাদেরবিল গ্রামের বাসিন্দা। বাড়ি ঘর পুড়িয়ে দেয়ার পর প্রাণভয়ে পালিয়ে আসেন তারা।

তারা জানান, সমুদ্র পথে পার হয়ে টেকনাফ সিমান্তে আসেন। সেখান থেকে সড়ক পথে ঢাকায় এবং পরে মানিকগঞ্জের সিংগাইরে পৌঁছেন। পরিচিত এক প্রবাসীর সঙ্গে কথা বলেই সিংগাইর উপজেলায় আশ্রয় নেয়ার চেষ্টা করেন তারা।

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শুক্রবার তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

(এম আর / ১৪ সেপ্টেম্বর, ২০১৭)