
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশে গ্যাস উত্তোলন কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের ‘শেভরন’ কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
এ নিয়ে বুধবার (০৮ মার্চ) রাজধানীর গুলশানে শেভরনের কার্যারয়ের সামনে প্রতিষ্ঠানটিতে কর্মরত বাংলাদেশী কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শেভরনের স্বত্ত্ব বা মালিকানা হস্তান্তরের ফলে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা-দাওনা প্রাপ্তি, চাকুরির ভবিষ্যত কি হবে ইত্যাদি বিষয় সম্পর্কে শেভরন কর্তৃপক্ষ কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে ‘শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন’। এ নিয়ে তারা ইতোমধ্যে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনও আয়োজন করে। সর্বশেষ বুধবার (০৮ মার্চ) তারা রাজধানীর গুলশানে শেভরন দপ্তরের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাসিম আজিম, সাধারণ সম্পাদক শাহরিয়ার আবেদিন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন আহমেদ, তারেক আহমেদ রবিন প্রমুখ। নিজেদের চাকুরির ভবিষ্যত ও পাওনা দাওনার বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
জানা যায়, ‘শেভরন’ কোম্পানি বাংলাদেশে তাদের যে ব্যবসায়িক স্বত্ত্ব বা মালিকানা রয়েছে তা তারা বিক্রি করে দিতে চাচ্ছে। এ ব্যাপারে তারা চীনের একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা ‘জিনহুয়া’ কোম্পানির সঙ্গে আলাপ আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে।
(ইউএম/এসএএম/ ০৯ মার্চ ২০১৭)