
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সোনালী ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে।
গতকাল অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী শীর্ষ এ ২০ খেলাপির কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পাওনা ৩ হাজার ২২৫ কোটি টাকা।
খেলাপি ঋণগ্রহীতার মধ্যে সোনালী ব্যাংকের সবচেয়ে বেশি পাওনা মেসার্স টিএন ব্রাদার্স গ্রুপের কাছে। হোটেল শেরাটন কর্পোরেট শাখার এ গ্রাহকের কাছে সোনালী ব্যাংকের পাওনার পরিমাণ ৪৮১ কোটি ৩৭ লাখ টাকা।
সোনালী ব্যাংকের খেলাপি তালিকায় এরপর রয়েছে হল-মার্ক গ্রুপের নাম। আলোচিত এ গ্রুপের ১৬টি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা ৪৭৯ কোটি টাকা।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফেয়ার ট্রেড ফ্যাব্রিকস লিমিটেডের কাছে ব্যাংকের পাওনা ৩১৬ কোটি টাকা। পাওনা আদায়ে উল্লিখিত তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলা করেছে সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংকের খেলাপি তালিকায় চতুর্থ প্রতিষ্ঠান মেসার্স মুন্নু ফ্যাব্রিকস।
স্থানীয় কার্যালয়ের এ গ্রাহকের কাছে ব্যাংকের পাওনা ২২৮ কোটি টাকা। স্থানীয় কার্যালয়ের আরেক গ্রাহক মেসার্স অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ব্যাংকের পাওনা ২১১ কোটি ৮৮ লাখ টাকা।
স্থানীয় কার্যালয়ের আরেক খেলাপি গ্রাহক মেসার্স জিএমজি এয়ারলাইনসের কাছে ব্যাংকের পাওনা ১৪৮ কোটি টাকা।
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির ১৪তম বৈঠকে সোনালী ব্যাংক গতকাল এসব তথ্য উপস্থাপন করে। নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মো. আব্দুর রাজ্জাক, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এবি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, শাহানারা বেগম, মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব ও ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশ নেন।
বৈঠকে সংসদীয় কমিটি সোনালী ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের নাম, মালিকের নাম ও পদবি পত্রিকায় প্রকাশের সুপারিশ করে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা আদায়ে ব্যাংক যে ২০ জন ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগ করেছে, তাদের নামও পত্রিকায় প্রকাশের সুপারিশ করা হয়।
২০১৬ সাল শেষে সোনালী ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৯১১ কোটি টাকা। একই সময়ে অবলোপনকৃত ঋণের পরিমাণ ছিল ৭ হাজার ২২১ কোটি টাকা। শ্রেণীকৃত ঋণ থেকে চলতি বছর ব্যাংকটির আদায় হয়েছে ৫৯৭ কোটি ৬৭ লাখ টাকা।
অবলোপনকৃত ঋণ থেকে আদায় হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ টাকা, যা ব্যাংকটির ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রার যথাক্রমে ৯ দশমিক ৮৯ ও ২ দশমিক ২০ শতাংশ।
(এম আর / এসএএম/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭)