
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ব্যাংকিং চ্যানেলে সর্ব্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ২৬ ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৬’ তুলে দেয়া হয়।
ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার কারণে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ২১ জন, বন্ডে বিনিয়োগকারী ৫ জন, বাংলাদেশি মালিকানাধীন ৪টি এক্সচেঞ্জ হাউস এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ৫টি তফসিলি ব্যাংককে রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার।
সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাহতাবুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, মোহাম্মদ মাহবুব আলম,আব্দুল করিম, মোহাম্মদ ইমাদুর রহমান, জাকির হোসাইন, মোহাম্মদ মনির হোসাইন, মো. শফিক, নুপুর কুমার ভৌমিক, মোহাম্মদ কামরুজ্জামান, আবু নাইম মো. তৌহিদুল আলম চৌধুরী, এ এইচ এম তাজুল ইসলাম, মো. আব্দুল হাকিম, মনির হোসাইন, মোহাম্মদ ইসমাইল হোসাইন, ডলি মোহাম্মদ, বিকাশ কান্তি সুশিল, মোহাম্মদ ইউসুফ, মাসুদ পারভেজ, আব্দুল কুদ্দুস এবং মোহাম্মদ মোরশেদুল আলম।
এছাড়া বন্ডে বিনিয়োগকারীরা হলেন জামিল আজি, নুর মোহাম্মদ, শামিমা হোসাইন, নিহাল রায় রহিম এবং নাভিদ রশিদ খান। সর্বোচ্চ রেমিট্যন্স আহরণকারী তফসিলি ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড এবং জনতা ব্যাংক লিমিটেড।
অনিবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজগুলো হলো প্লাসিড এনকে কর্পোরেশন, ইউএসএ; ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল, ইটালি; এনইসি মানি ট্রান্সফার, ইউকে এবং সানম্যান গ্লোবাল এক্সপ্রেস ক্রোপ, ইউএসএ।
রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্থিতি গত ৪ মাস ধরে ৩৩ বিলিয়ন ডলারের কাছাকাছি আছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের বেশকিছু পদক্ষেপ গ্রহণের ফলে আমাদের প্রবাসী আয়ে যে নিম্নগতি ছিল তা অনেকটা কাটিয়ে উঠেছে। যদিও কোরবানির ঈদের কারণে রেমিট্যান্স বেড়েছে। এ সময় প্রবাসীদের ব্যাংক বহির্ভূত চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানান গভর্নর।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, কৃষি, রেমিট্যান্স এবং শিল্প আমাদের অর্থনীতির মূল কাঠামো, যার মধ্যে রেমিট্যন্স খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিদেশে আমাদের দূতাবাসগুলো হবে শ্রমাবাস এবং বাণিজ্য কেন্দ্র। এক্ষেত্রে যেসব বাধা রয়েছে তা দূর করতে হবে।
(এসএএম/ ২০ সেপ্টেম্বর ২০১৭)