
বিনিয়োগবার্তা, ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠান অগমেটিক্স আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ৭ হাজারেরও বেশি ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ নিয়োগ দেবে ।
ইংরেজিতে দক্ষ, চিকিৎসা ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এসব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের ‘রিমোট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করার সুযোগ পাবে।
আজ শুক্রবার রাজধানীর পান্থপথে অগমেটিক্স এর ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অগমেডিক্স এর কো-ফাউন্ডার (সহ-প্রতিষ্ঠাতা) পেলু ট্র্যান।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, অগমেটিক্স এর ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছ, অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
পেলু ট্র্যান বলেন, অগমেডিক্স যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠান। বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ ২৫ বছরের নিচে ও প্রযুক্তিতে খুবই পারদর্শী। বিশেষ করে চিকিৎসা সহায়ক বা মেডিকেল অ্যাসিস্টেন্টরা খুবই দক্ষ।
অগমেডিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আহমাদুল হক বলেন, আমরা দেশের গণ্ডি পেরিয়ে প্রযুক্তি নির্ভর সেবা দিয়ে যাচ্ছি এবং ইতিবাচক ফলাফল পাচ্ছি। অগমেডিক্স দ্রুতই বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে। আইসিটি মন্ত্রণালয় ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় আগামী ৫ বছরে অগমেডিক্সে ৭ হাজারের বেশি দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। ৪ থেকে ৬ মাস প্রশিক্ষণ শেষে তারা নিয়োগ পাবে। ভালো সম্মানির পাশাপাশি তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রযুক্তিতে দক্ষ বিপুল পরিমাণ জনবল নিয়োগের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবে বাংলাদেশ। আইসিটি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রোগ্রামের মাধ্যমে এ বিপুল সংখ্যক জনবল নিয়োগে অগমেটিক্সকে সহযোগিতা করা হবে।
২০১২ সালে অগমেডিক্স এর যাত্রা শুরু হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ইয়ান শাকিক ও কো-ফাউন্ডার পেলু ট্র্যান এর উদ্যোক্তা। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বড় ৫টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে।
বর্তমানে অগমেডিক্স যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি রাজ্যে প্রাইমারি কেয়ার ডক্টর, স্পেশালিস্ট ও সার্জনদের সেবা দিয়ে আসছে; যারা প্রতিদিন প্রায় ৫ হাজারের বেশি রোগি দেখেন।
(ইউএম/১০ মার্চ ২০১৭)