
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের জন্য নৌকায় পাঠানো ত্রাণ থামাতে স্থানীয় বৌদ্ধরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে ত্রাণবহরে।
রয়টার্সের খবরে বলা হচ্ছে, রেড ক্রসের পাঠানো ওই ত্রাণ ও জরুরি সহায়তা থামাতে শত শত বৌদ্ধ বিক্ষোভ করে নেয়। তারা ত্রাণ বোঝাই নৌকা থামানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে বৌদ্ধরা পেট্রোল বোমা নিক্ষেপ করে
বুধবার সন্ধ্যার দিকের ওই ঘটনা নিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়ছে।
আর এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারের রোহিঙ্গা সংকট অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘বলিষ্ঠ ও দ্রুত’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
গত ২৫ আগস্ট রাখাইনের উত্তরাঞ্চলে যেস্থানে সেনাদের ওপর হামলা চালানো হয়, ত্রাণবাহী নৌকাটি এখন সেখানে রয়েছে।
দাতা সংস্থার কর্মীরা বলছেন, এখনো অনেক রোহিঙ্গা ভয়ে সেখানে আত্মগোপন করে আছেন। তাদের কাছে কোনো খাবার বা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই।
শত শত বৌদ্ধ ৫০ টন খাদ্য বোঝাই নৌকা থামানোর চেষ্টা করে। তারা মনে করছে, এগুলো বাংলাদেশে যেসব রোহিঙ্গা পালিয়ে এসেছে তাদের জন্য।
মিয়ানমারের সরকারি তথ্য অফিস জানিয়েছে, বিক্ষোভকারীরা এসময় লাঠি-সোঠা নিয়ে নৌকায় হামলা চালানোর চেষ্টা করে; তারা এসময় পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় প্রায় ২০০ পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের মতে , এ সময় কয়েকজন আহত হয়।
(এম আর / ২১ সেপ্টেম্বর, ২০১৭)