
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : ‘ভিক্ষা নয়, কর্ম পরিধি বাড়াও’ এই শ্লোগানকে সামনে রেখে ভিক্ষাবৃত্তি বন্ধ ও কর্মসংস্থানের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নরসিংদী সদর উপজেলা পরিষদ।
রোববার বিকেলে নরসিংদী সদর উপজেলা চত্বরে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে ভিক্ষাবৃত্তি বন্ধ ও দারিদ্র দূরকরনের লক্ষ্যে পাথরপাড়া এলাকার মোঃ কিরন মিয়ার হাতে একটি অটোরিকশার চাবি তুলে দিয়ে এই কার্যক্রমের শুভ সুচনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
এসময় তার সাথে ছিলেন মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হাই, সমাজ সেবা কর্মকর্তা মো: আবদুল্লাহ আল-মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘ভিক্ষাবৃত্তি সমাজের অভিশাপ। আমরা চাই নরসিংদী সদর উপজেলায় কোন ভিক্ষক থাকবেনা। ভিক্ষাবৃত্তি পেশা থেকে লোকজনকে ফিরিয়ে এনে তাদেরকে কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তবে সমস্যা হলো নরসিংদী সদরে ভিক্ষাবৃত্তির সাথে যারা জড়িত তারা কেউ এ জেলার বাসিন্দা নয়। তাই ইচ্ছা থাকলেও আমরা তাদের জন্য কিছু করতে পারছিনা। আমরা সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সুপারিশ অনুযায়ী যাচাইবাছাই করে পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত প্রকৃত স্থায়ী বাসিন্দাদেও কর্ম সংস্থানের ব্যাবস্থা করবো।’
(এসএইচআর/এসএএম/ ২২২৪ সেপ্টেম্বর ২০১৭)