Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 11:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নতুন প্রজন্মের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। আর এ উদ্যোক্তা তৈরীর মাধ্যমেই ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত রাষ্ট্রের তালিকায় যেতে পারবে বাংলাদেশ।

শনিবার গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, চাকরির পিছনে না ঘুরে নতুন প্রজন্মের উচিৎ উদ্যোক্তা হওয়া এবং শিল্প-কলকারখানা তৈরি করা। এতে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে দেশ।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিকল্পনা রয়েছে। গ্রামাঞ্চলে ব্যাংকের শাখা বিস্তার করার জন্য সব বাণিজ্যিক ব্যাংককে উৎসাহিত করা হচ্ছে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ জমা হবে। ভবিষ্যতে তারা যখন উদ্যোক্তা বা কর্মজীবনে প্রবেশ করবে; তখন তাদের এ অভ্যাস থেকে যাবে। তারা যে কোনো স্থান থেকে দেশের জন্য অবদান রাখতে পারবে।

ইউনাইটেড কমার্শিয়াল বাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোয়ার্দার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করেন গভর্নর। অনুষ্ঠানে শেষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গবর্নর। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

উল্লেক্য, জেলার ২৩ টি তফসিলী ব্যাংকের মাধ্যমে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

(এসএএম/ ১১ মার্চ ২০১৭)