
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চীনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের উপর আগে থেকে কড়াকড়ি থাকলেও এবার হোয়াটস অ্যাপের উপর নজরদারি করছে চীন। এর গ্রাহকেরা ইতোমধ্যে এ অ্যাপটির সেবা প্রাপ্তিতে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট বন্ধও পাওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসির চীনের সংবাদদাতা জানান, প্রায় এক সপ্তাহ ধরে হোয়াটস অ্যাপের কার্যক্রম বন্ধ রয়েছে এবং কোনোভাবেই যোগাযোগ ছবি, ভিডিও আদান প্রদান সম্ভব হচ্ছে না। তারা এ নিয়ে একটি পরীক্ষা চালিয়ে দেখেন গত বৃহস্পতিবার থেকে চীনের বাইরে কোনো প্রকার ফাইল, ডকুমেন্ট পাঠানো সম্ভব হচ্ছে না।
আগামী মাসে দেশটিতে নিরাপত্তাজনিত একটি বৈঠক বসা কথা রয়েছে। প্রতি ৫ বছর পর পর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অনলাইন সেন্সরশিপের উপর কড়াকড়ি আনা হয়। বৈঠকের আগেই ভিনদেশী এ সেবামাধ্যমটিকে চীন নিষ্ক্রিয় করতে চাইছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
গত সপ্তাহে চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট টেনসেন্ট, বাইডু ও উইবোর মতো সাইটগুলোকে বিভিন্ন পর্যায়ের জরিমানা করা হয়েছে। নিজেদের দেশে অনলাইন ভিত্তিক সামাজিক ও সেবামূলক সাইট নিয়ে নিরাপত্তার ব্যাপারটিতে চীনের বেশ কড়াকড়ি রয়েছে।
ফেসবুকের মালিকানাধীন অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে একমাত্র হোয়াটস অ্যাপই চীনে তাদের কার্যক্রম চালাতে অনুমতি প্রাপ্ত। এমনকি মূল ফেসবুকের ওয়েবসাইট, ইন্সটাগ্রামের মতো জনপ্রিয় মাধ্যমগুলোও সেখানে প্রদর্শিত হতে পারে না। তবে ব্যবহারকারীরা ভিন্ন উপায়ে তা ব্যবহার করে থাকেন।
(দীপ্ত/২৬ সেপ্টেম্বর ২০১৭)