Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম মেলা। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে মেলা শুরু হবে, চলবে রাত ৭টা পর্যন্ত। মেলা শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

আজ বাংলাদেশ পর্যটন বোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন ও পর্যটন শিল্পের নেতারা উপস্থিত ছিলেন।

রাশেদ খান মেনন বলেন, এ বছর মেলায় মোট ১২০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রবেশমূল্য ২০ টাকা। তবে ছাত্রছাত্রীদের জন্য মেলায় প্রবেশ ফ্রি। মেলার প্রবেশ কুপনের বিপরীতে সবার জন্য থাকছে র‌্যাফল ড্র।

তিনি বলেন, বাংলাদেশের পর্যটনকে দেশ-বিদেশের মানুষের কাছে আকর্ষণীয় ও জনপ্রিয় করা এবং আঞ্চলিক পর্যটন শিল্পের সঙ্গে সেতুবন্ধ করাই মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এটি ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

মেনন বলেন, বাংলাদেশসহ অন্যান্য দেশের আকর্ষণীয় ও দর্শনীয় স্থানসমূহের বিভিন্ন পর্যটন সেবার সমন্বয় ঘটবে এবারের মেলায়। এ ছাড়া থাকবে পর্যটন মৌসুমের বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল বা প্যাকেজ বুকিংসহ এয়ার টিকিটের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ ও বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান।

এছাড়া বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় মৎস্য ভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। ট্যুরিজম বোর্ডের উদ্যোগে রাজধানীতে আলোকসজ্জা ও ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে।

(এম আর / ২৬ সেপ্টেম্বর, ২০১৭)