
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সেরাজনগর এম.এ পাইলট উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়করণ নীতিমালা ২০১৬ এর সকল শর্ত পূরণ করা হলেও বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় মানববন্ধনে।
উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সম্প্রতি সেরাজনগর উচ্চ বিদ্যালয়টিকে ঘোষণা না দিয়ে আলিয়াবাদ উচ্চ বিদ্যালয় নামে অস্তিত্ববিহীন একটি প্রতিষ্ঠানকে জাতীয়করণের ঘোষণা দেয়া হয়। এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে রায়পুরায়। জাতীয়করণের দাবীতে নিয়মিতভাবে আন্দোলন কর্মসূচী পালন করে আসছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
এ সময় অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা অনুযায়ী সেরাজনগর উচ্চ বিদ্যালয়টিকে জাতীয়করণের দাবি জানানো হয়।
পরে বিদ্যালয় পরিচালনা পরিষদ, এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন, সহ-সভাপতি ডা: মোগল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সাংগঠনিক সম্পাদক শাহআলম মিয়া, জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহবুব আলম শাহিন, মিলন মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জাতীয়করণের তালিকায় সেরাজনগর এম.এ পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম না থাকায় এবং আলিয়াবাদ উচ্চ বিদ্যালয় নামে অস্তিত্ববিহীন একটি প্রতিষ্ঠানের নাম আসায় শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়ে। গত ৩০ আগস্ট শিক্ষার্থীরা জাতীয়করণের দাবীতে রায়পুরার মেথিকান্দা স্টেশনে মানববন্ধন করে। এসময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ হামলা চালায়। পুলিশের নগ্ন হামলায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন অভিভাবক আহত হয়। শিক্ষার্থীরা গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর ক্লাস বর্জন করে স্কুল ক্যাম্পাসের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। পরে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
(এসএইচআর/এসএএম/ ২৬ সেপ্টেম্বর ২০১৭)