
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে চাল ক্রয় প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তার অনুপস্থিতিতে আদালত আজ বুধবার এ রায় দেয়।
চাল ক্রয়ের ওই প্রকল্পে রাষ্ট্রের ৮ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানায় আদালত।
উল্লেখ, চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারি অর্থ অপচয় করার অভিযোগে ২০১৫ সালের মার্চে ইংলাকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।
ইংলাক বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। গত ২৫ আগস্ট আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি দুবাইতে পালিয়ে যান। সেখানে আগ থেকেই স্বেচ্ছা নির্বাসনে অবস্থান করছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত তার বড় ভাই ও
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
ইংলাকের বিরোধী পক্ষ বলছে, গ্রামীণ ভোটারদের কাছে তিনি জনপ্রিয় হলেও চাল ক্রয়ের ওই প্রকল্প এতই ব্যয়বহুল যে তা দুর্নীতির পর্যায়ে চলে গেছে।
মামলার বিরবনী অনুসারে, নিজের সমর্থক কৃষকদের খুশি করতে সরকারে চাল ক্রয় প্রকল্পে বেশি মূল্যে চাল কিনেছিল ইংলাক সরকার। কিন্তু বেশি দামে কেনায় আন্তর্জাতিক বাজারে সেই চাল রপ্তানি করা যায়নি।
তবে ইংলাক বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি উল্টো অভিযোগ করে আসছেন যে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
ইংলাক ও তার ভাই থাকসিন দুইজনই দেশটির গরীব ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয়।
উল্লেখ, ২০১১ সালে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হন ইংলাক। তবে চালে ভর্তুকি প্রকল্পে লাখ লাখ ডলার অনিয়মের অভিযোগ উঠার পর ২০১৫ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তবে দেশটিতে
এখনও দারুণ জনপ্রিয় ইংলাক।
(দীপ্ত/২৭ সেপ্টেম্বর ২০১৭)