Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 20:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে রোনালদোর বিয়ে। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জীবনের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ এ ফরোয়ার্ড। সেটা রাশিয়া বিশ্বকাপের পর এবং বিয়েটা নির্ভর করছে বিশ্বকাপে পর্তুগাল কেমন খেলে তার ওপর।

রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত সপ্তাহে লিসবনে স্পোর্টিং-তোন্দলা ম্যাচ রোনালদো ও জর্জিনাকে একসঙ্গে দেখা গেছে গ্যালারিতে। এ সময় জর্জিনার হাতের অনামিকায় ছিল বেশ বড়সড় একটি আংটি। জর্জিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খুশি হয়ে তাঁকে প্রায় পাঁচ ক্যারেট ওজনের হিরা-চুন্নি খচিত এ আংটি উপহার দিয়েছেন রোনালদো।

হীরা বিশেষজ্ঞ ডেভিড অ্যালেনের মতে, জর্জিনার এ আংটির মূল্য প্রায় ২ লাখ পাউন্ড এবং ভিক্টোরিয়া বেকহ্যাম, বিয়োন্স ও কিম কারদাশিয়ানের মতো ‘সেলিব্রেটি’দের কাছে এ ধরনের আংটি ভীষণ প্রিয়।

এদিকে রোনালদো-জর্জিনা জুটির প্রথম সন্তান সম্পর্কে হাটে হাঁড়ি ভেঙেছেন জর্জিনারই ‘সালসা’ নাচের শিক্ষক। পেশায় মডেল জর্জিনা ‘সালসা’ নাচের প্রথম ক্লাসের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘সালসার প্রথম ক্লাস নেওয়ার জন্য শিক্ষক বাসি ও ডেইজিকে ধন্যবাদ। আমি আনন্দিত।’ এর জবাবে জর্জিনার শিক্ষক বাসি ও ডেইজি লেখেন, ‘তোমার প্রথম ক্লাসে আমরাও সন্তুষ্ট। যে ছোট্ট মেয়েটা তুমি বহন করছ, সে একদিন বড়মাপের নৃত্যশিল্পী হবে।’

আসল কথা হলো, জর্জিনার পেটের সন্তান ছেলে না মেয়ে, তা এত দিন কেউ জানত না। কিন্তু তাঁর নাচের শিক্ষকেরা খবরটা ফাঁস করে দেওয়ার পরই এ নিয়ে শোরগোল পড়ে যায়।

ইনস্টাগ্রাম থেকে শিক্ষকদের মন্তব্য মুছে ফেলতে দেরি করেননি রোনালদোর বাগ্‌দত্তা। সাত বছর বয়সী রোনালদো জুনিয়র ছাড়াও কিছুদিন আগে ‘সারোগেট’ মায়ের মাধ্যমে দুই যমজ সন্তানের বাবা হন ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থাৎ সব মিলিয়ে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন রিয়াল তারকা। তবে রোনালদো কিন্তু এখানেই থামছেন না। পর্তুগিজ ফরোয়ার্ড এর আগে জানিয়েছিলেন, সাত সন্তানের বাবা হতে চান!

সূত্র: দ্য সান, হ্যালো!কোরেয়া ডি মানহা, মিরর

(দীপ্ত/২৭ সেপ্টেম্বর ২০১৭)